চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ মার্চ ঢাকা ত্যাগ করে ১২ মার্চ ফিরবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত যাবেন।
এবারের সফরে বিনিয়োগ, বাণিজ্য, খাদ্য সহযোগিতা, অভিবাসী শ্রমিকসহ আরও অনেক বিষয় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে। এছাড়া ৮ মার্চ নারী দিবসে ওই দেশের আয়োজিত একটি হাই-লেভেল প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অভিবাসী শ্রমিক, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে সবসময় আমরা আলোচনা করি। এবারে খাদ্য নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করতে আমরা আগ্রহী। আরব আমিরাত তাদের খাদ্যের বেশিরভাগ আমদানি করে থাকে। আমরাও সেখানে খাদ্য রফতানি করতে চাই। বাংলাদেশের সক্ষমতা আগের থেকে অনেক বেশি এবং আমরা এখন বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী গুণগত মানের পণ্য উৎপাদনে সক্ষম।
এছাড়াও কৃষিখাতে বাংলাদেশের যে সফলতা ও বিশেষজ্ঞ জ্ঞান আছে, তা অবগত করা যেতে পারে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, এক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা সম্ভব।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাত সফরকালে খাদ্য রফতানির বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারাও এ ব্যাপারে আগ্রহী। তবে তারা যে বিষয়গুলো নিশ্চিত হতে চায় সেটি হচ্ছে- টেকসই যোগান এবং যদি কখনও খাদ্য রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ, তবে যেন তাদের আগে থেকে জানানো হয় এবং সময় দেওয়া হয়।